আল্লু অর্জুন ‘রাকা’ সিনেমায় চারটি ভিন্ন চরিত্রে অভিনয় করতে চলেছেন।
Published : 22 Sep 2026, 11:38 PM
ভারতীয় অভিনয়শিল্পী আল্লু অর্জুন এবং দীপিকা পাডুকোনের বহু প্রতীক্ষিত সিনেমা ‘রাকা’ প্রেক্ষাগৃহে আসার আগেই ইতিহাস গড়েছে।
মুক্তির এক বছর আগেই গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম তুলল পরিচালক অ্যাটলির কুমারের মেগাবাজেটের এই সিনেমা।
টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, চলতি বছরের ফেব্রুয়ারি মাসে ‘রাকা’ সিনেমার শুটিংয়ের সময়ে একসঙ্গে ৩৭জন শিল্পীর ‘মোশন ক্যাপচার’ করা হয়। যা ভারতীয় সিনেমার ইতিহাসে এক উল্লেখযোগ্য প্রযুক্তিগত মাইলফলক।
সে জন্য গেল ১৫ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে গিনেস স্বীকৃতি তুলে দেওয়া হয় অ্যাটলি এবং আল্লু অর্জুনের হাতে।
প্রযোজনা সংস্থা সান পিকচার্স এক্স-এ এই সাফল্যের কথা জানিয়েছে। সেখানে পোস্ট করা ছবিতে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের সনদ হাতে আল্লু ও অ্যাটলির ছবি শেয়ার করেছে।
সান পিকচার্স লিখেছে, "ইতিহাস রচিত হল। এক বিশ্বব্যাপী বিজয়, যা ভারতীয় সিনেমাকে বিশ্বমঞ্চে নিয়ে গেল।”
গিনেস বুকে নাম তুলতে পেরে উচ্ছ্বসিত আল্লু অর্জুন বলেন, “আমাদের পুরো টিমের জন্য এক গর্বের মুহূর্ত। পরিচালক অ্যাটলির ভাবনা, দূরদর্শিতা ও নির্দেশনা এবং পুরো টিমের মারাত্মক পরিশ্রম ছাড়া এই সাফল্য সম্ভব হত না। এই কৃতিত্বকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেওয়া ও আমাদের প্রচেষ্টাকে সম্মান জানানোর জন্য আমরা গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের কাছে কৃতজ্ঞ।
“পাশাপাশি এত বড় মাপের একটি প্রজেক্টে আস্থা রাখার জন্য সান পিকচার্সকেও ধন্যবাদ।”
সান পিকচার্স আরও একটি ভিডিও দিয়েছেন এক্স-এ । যা থেকে দৃশ্যটি কীভাবে তৈরি করা হয়েছিল তার একটি ধারণা মেলে।
জানা গেছে, আল্লু অর্জুন ‘রাকা’ সিনেমায় চারটি ভিন্ন চরিত্রে অভিনয় করতে চলেছেন। তিনি একজন দাদু, একজন বাবা এবং দুই ছেলের চরিত্রে অভিনয় করবেন। এছাড়া সিনেমাটি দুটি সমান্তরাল মহাবিশ্বের ধারণা তুলে ধরতে পারে বলেও জল্পনা আছে। তবে, নির্মাতারা এখনও আনুষ্ঠানিকভাবে কোনো তথ্যই ফাঁস করেননি।
‘রাতা’ সিনেমায় দীপিকা পাডুকোন, রাশমিকা মানদানা জাহ্নবী কাপুর এবং মৃণাল ঠাকুর গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন। এই সাই-ফাই অ্যাকশন ড্রামাটি আল্লু অর্জুন এবং অ্যাটলির প্রথম যৌথ কাজ।
রাকা’ প্রেক্ষাগৃহে আসার কথা রয়েছে ২০২৭ সালে।