ভারতের এশিয়ান গেমসের দল থেকে নিতিশ কুমার রেড্ডিকেও সরিয়ে নেওয়া হয়েছে।
Published : 16 Sep 2026, 11:18 PM
আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে ভারুন চক্রবর্তী চোটাক্রান্ত পাওয়ার পরই শঙ্কাটা উঁকি দেয়। শেষ পর্যন্ত সেটাই সত্যি হলো; সাইড স্ট্রেইনের সমস্যায় জাপানের বিপক্ষে একমাত্র টি-টোয়েন্টি ও এশিয়ান গেমসেও এই স্পিনারকে পাবে না ভারত।
দিল্লিতে গত রোববার আফগানদের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে চার ওভারে স্রেফ ১৬ রান দিয়ে একটি উইকেট নেন ভারুন। ম্যাচটি সাত উইকেট জিতে ভারত।
পরদিন গণমাধ্যমে খবর আসে, ওই ম্যাচের পর সাইড স্ট্রেইনের কথা সংশ্লিষ্টদের জানান ৩৫ বছর বয়সী বোলার। আর বুধবার ভারত দলের পক্ষ থেকে ভারুনের ছিটকে পড়ার খবরটি নিশ্চিত করা হলো।
তার জায়গায় ভিপরাজ নিগামকে দলে যোগ করেছে ভারত। এই প্রথম জাতীয় দলে ডাক পেয়েছেন ২২ বছর বয়সী এই লেগ স্পিনার।
২০২৫ আইপিএলের পারফরম্যান্স দিয়ে নিগাম প্রথম আলোচনায় আসেন। সেই আসরে দিল্লি ক্যাপিটালসের হয়ে ১৪ ম্যাচে ওভারপ্রতি ৯.১২ করে রান দিয়ে ১১ উইকেট নেন তিনি। সেই সঙ্গে ব্যাট হাতে ১৭৯.৭৪ স্ট্রাইক রেটে ১৪২ রান করেন তিনি।
এই বছরের আইপিএল অবশ্য ভালো কাটেনি তার। পাঁচ ম্যাচ খেলে কেবল দুটি উইকেট নিতে ও ১৫ রান করতে পারেন তিনি। তবে গত জুনে, শ্রীলঙ্কায় ভারত ‘এ’ দলের হয়ে ত্রিদেশীয় সিরিজে দলের যৌথভাবে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট নেন তিনি এবং ১২৬.০৮ গড়ে করেন ১১৬ রান।
আগামী মঙ্গলবার জাপানের বিপক্ষে একমাত্র টি-টোয়েন্টি ম্যাচটি খেলবে ভারত। এরপর, ২৮ সেপ্টেম্বর কোয়ার্টার-ফাইনাল দিয়ে এশিয়ান গেমসে অভিযান শুরু করবে তারা। সেমি-ফাইনাল ১ অক্টোবর এবং ফাইনাল ৩ অক্টোবর অনুষ্ঠিত হবে।
এশিয়ান গেমসের দল থেকে নিতিশ কুমার রেড্ডিকেও সরিয়ে নেওয়া হয়েছে। তিনি খেলবেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে।
এশিয়ান গেমসের ভারত দল: শ্রেয়াস আইয়ার (অধিনায়ক), আভিশেক শার্মা, বৈভাব সুরিয়াভানশি, সাঞ্জু স্যামসন, ইশান কিষান, তিলাক ভার্মা, শিভাম দুবে, আকসার প্যাটেল, ওয়াশিংটন সুন্দার, রাভি বিষ্ণই, জাসপ্রিত বুমরাহ, আর্শদিপ সিং, ইয়াশ ঠাকুর ও ভিপরাজ নিগাম।