“কিন্তু এর মাধ্যমে যেন নতুন কোনো ‘ডিজিটাল বিভাজন’ তৈরি না হয়,” বলেন সিপিডির এই সম্মানীয় ফেলো।
Published : 16 Sep 2026, 11:01 PM
ডিজিটাল টিকেটিংয়ের মাধ্যমে গণপরিবহনব্যবস্থাকে আরও সহজ করার কথা বলেছেন বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মানীয় ফেলো ফাহমিদা খাতুন।
সোমবার ঢাকায় ‘টিকেটিং টু ট্রান্সফর্ম লাইভস’ শীর্ষক মতবিনিময় সভায় তিনি এ পর্যবেক্ষণ তুলে ধরেন।
‘আমারি ঢাকা’ হোটেলে পাবলিক রিলেশনস প্রতিষ্ঠান ‘বেঞ্চমার্ক’ ও অনলাইন টিকেটিং প্ল্যাটফর্ম— ‘সহজ’ এ সভা আয়োজন করে।
ফাহমিদা খাতুন বলেন, “বাংলাদেশে এখন সরকারি পর্যায়েও বিভিন্ন সেবাকে ডিজিটাল ব্যবস্থার আওতায় আনার নতুন উদ্যোগ ও আগ্রহ দেখা যাচ্ছে। কর পরিশোধ থেকে শুরু করে ব্যাংকিং, সরকারি বিল পরিশোধ ও বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচি— সবকিছুকেই অনলাইন ও ডিজিটাল ব্যবস্থায় আনার চেষ্টা চলছে। ডিজিটাল রূপান্তরেরই একটি অংশ হচ্ছে পরিবহন ব্যবস্থা, বিশেষ করে বাস।”
ডিজিটালাইজেশনের উদ্যোগ যেন সবার জন্য সমান হয়, তা বিবেচনায় রাখার কথা তুলে ধরে তিনি বলেন, “আমাদের লক্ষ্য হওয়া উচিত, ডিজিটাল ব্যবস্থার মাধ্যমে পরিবহনকে আরও সহজ ও ঝামেলামুক্ত করা। কিন্তু এর মাধ্যমে যেন নতুন কোনো ‘ডিজিটাল বিভাজন’ তৈরি না হয়।”
তথ্যের নিরাপত্তার বিষয়ে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে এই অর্থনীতিবিদ বলেন, “আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হল, তথ্যের গোপনীয়তা ও সাইবার নিরাপত্তা। মানুষ এখনও অনলাইনে ব্যাংক অ্যাকাউন্ট বা ব্যক্তিগত তথ্য দেওয়ার ক্ষেত্রে অনেক সময় উদ্বিগ্ন থাকে।”
সভায় অন্যদের মধ্যে কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) সভাপতি এএইচএম শফিকুজ্জামান, বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) ডেপুটি জেনারেল ম্যানেজার শুকদেব ঢালী, সহজ ডটকমের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আমিনুল হক, যাত্রী কল্যাণ সমিতির সভাপতি শরীফ রফিকওজ্জামান ও তথ্যপ্রযুক্তি বিভাগের ডিজিটাল গভার্ন্যান্স অ্যান্ড ইমপ্লিমেন্টেশন শাখার সিনিয়র সিস্টেম অ্যানালিস্ট মো. নবীর উদ্দিন বক্তব্য দেন।