সব মিলিয়ে পুলিশের ঊর্ধ্বতন ১১ কর্মকর্তাকে রদবদল করা হয়েছে।
Published : 17 Sep 2026, 02:02 PM
পুলিশ অধিদপ্তরের কামরুল আহসানকে বাহিনীর বিশেষ শাখার (এসবি) প্রধান এবং পুলিশ একাডেমির অধ্যক্ষ জি এম আজিজুর রহমানকে করা হয়েছে ট্যুরিস্ট পুলিশের প্রধান।
আর খুলনা রেঞ্জের ডিআইজি মোস্তাফিজুর রহমানকে বদলি করে দায়িত্ব দেওয়া হয়েছে ঢাকা রেঞ্জের।
বৃহস্পতিবার দুই প্রজ্ঞাপনে সব মিলিয়ে পুলিশের ঊর্ধ্বতন ১১ কর্মকর্তাকে রদবদল করার কথা জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
আদেশ অনুযায়ী, এসবির বিদায়ী প্রধান সরদার নুরুল আমিনকে পুলিশ অধিদপ্তরে এবং ট্যুরিস্ট পুলিশের সদ্য বিদায়ী মাইনুল হাসানকে রাজশাহীর সারদায় পুলিশ একাডেমির অধ্যক্ষের দায়িত্ব দেওয়া হয়েছে।
ঢাকা রেঞ্জের ডিআইজি ইকবাল হোসেন সম্প্রতি অতিরিক্ত আইজিপি হিসেবে পদোন্নতি পেয়েছেন। তাকে পুলিশ অধিদপ্তরে পদায়ন করা হয়েছে। সম্প্রতি অতিরিক্ত আইজিপি হিসেবে পদোন্নতি পাওয়া রাজারবাগে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের পরিচালক সায়েদুর রহমানকেও পুলিশ অধিদপ্তরে পাঠানো হয়েছে।
পুলিশ অধিদপ্তরের ডিআইজি রেজাউল করিমকে খুলনা রেঞ্জে এবং ডিএমপির অ্যান্টি টেররিজম ইউনিটের ডিআইজি মোহাম্মদ মুসলিমকে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের পরিচালকের দায়িত্ব পেয়েছেন।
এসবির ডিআইজি মীর আশরাফ আলীকে রেল পুলিশে, মেট্রোরেল পুলিশের ডিআইজি সিদ্দিকী তাঞ্জিলুর রহমানকে পুলিশের বিশেষ শাখায় বদলি করা হয়েছে।