“ধারণা করছি, যান্ত্রিক ত্রুটির কারণে আগুন লেগেছে,” মিরপুর-১১ নম্বরের ঘটনা প্রসঙ্গে বলেন ফায়ার সার্ভিসের কর্মকর্তা রাশেদ বিন খালিদ।
Published : 19 Sep 2026, 08:21 PM
ঢাকার মিরপুর ১ ও ১১ নম্বরে প্রায় একই সময়ে যাত্রীবাহী দুটি বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে।
শনিবার সন্ধ্যার এসব ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
এর মধ্যে ৭টা ১৩ মিনিটে জমজম টাওয়ারের পাশে শিকড় পরিবহনের বাসটিতে আগুন লাগার খবর পাওয়ার কথা বলেছেন ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ।
তিনি বলেন, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছে।
আগুন লাগার কারণ প্রসঙ্গে তিনি বলেন, “আমরা ধারণা করছি, যান্ত্রিক ত্রুটির কারণে আগুন লেগেছে। পরবর্তী তদন্তে বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।”
এ ঘটনায় কোন হতাহতের কোনো তথ্য দেয়নি ফায়ার সার্ভিস।
আরেকটি বাসে আগুন লাগে মিরপুর ১ নম্বর মোড়ে; ‘অভিজাত পরিবহনে’।
তবে মিরপুর থানার ওসি হাফিজুর রহমান বলেছেন, আগুন দেওয়ার ‘চেষ্টা হয়েছিল’।
শনিবার সন্ধ্যা সোয়া ৭টার দিকের এ ঘটনার ভিডিওতে দেখা যায়, বাসটির পেছনের দিকে আগুন জ্বলছে। আর বাইরে থেকে কয়েকজন পানি ছিটিয়ে আগুন নেভানোর চেষ্টা করছেন।
তবে এই বাসে আগুনের তথ্য ফায়ার সার্ভিসের কাছে নেই।
মিরপুর থানার ওসি হাফিজ বলেছেন, “কে বা কারা একটি বাসে আগুন দেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু পোড়েনি। এ বিষয়ে আমরা কাজ করছি।”