“জনপদ মোড় এলাকায় ইউ-টার্ন নেওয়ার সময় ‘মাথা ঘুরে’ ছিটকে পড়ে যায় নাঈম,” বলে ইউনিক বাসের সুপারভাইজার।
Published : 18 Sep 2026, 10:07 PM
রাজধানীর সায়েদাবাদে ইউ-টার্ন নেওয়ার সময় বাস থেকে পড়ে সহকারী যুবকের মৃত্যু হয়েছে।
শুক্রবার বিকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নেওয়ার পর সন্ধ্যায় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে এ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. হাবিবুর রহমান জানিয়েছেন।
২৫ বছর বয়সি মো. নাঈম পটুয়াখালীর কলাপাড়া এলাকার জাফর হাওলাদারের ছেলে। ইউনিক বাসের সহকারীর দায়িত্বে ছিলেন। তার মরদেহ ঢাকা মেডিকেলের মর্গে রাখা হয়েছে।
নাঈমকে হাসপাতালে আনা ইউনিক বাসের সুপারভাইজার জাহিদ বলেন, সায়দাবাদ থেকে কুয়াকাটা যেতে জনপদ মোড় এলাকায় ইউ-টার্ন নেওয়ার সময় ‘মাথা ঘুরে’ ছিটকে পড়ে যায় নাঈম। তাকে কাছের একটি হাসপাতালে নেওয়া হয়। এরপর ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিলেও বাঁচানো যায়নি।