এই কর্মশালা থেকে আমি অনেক নতুন বিষয় শিখেছি, যা আমার আত্মবিশ্বাস বাড়িয়েছে।
Published : 14 Jul 2026, 10:21 AM
কিছুদিন আগে আমি তিন দিনব্যাপী একটি কর্মশালায় অংশগ্রহণ করি। সিলেটের এমসি কলেজের সংগঠন থিয়েটার মুরারিচাঁদ আয়োজিত এই কর্মশালায় উচ্চারণ, আবৃত্তি, টেলিভিশন উপস্থাপনা, সংগীত, নৃত্য ও নাটকের মৌলিক বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।
কর্মশালার প্রথম দিনে সংগীতের মৌলিক ধারণা, কণ্ঠের সঠিক ব্যবহার, সুর, তাল ও লয়ের গুরুত্ব সম্পর্কে জানতে পারি। একই দিনে শুদ্ধ উচ্চারণ, আবৃত্তির কৌশল, কণ্ঠস্বরের যথাযথ প্রয়োগ, বাচনভঙ্গি এবং আত্মবিশ্বাসের সঙ্গে মঞ্চে কথা বলার বিভিন্ন দিকেও প্রশিক্ষণ দেওয়া হয়।
দ্বিতীয় দিনে নৃত্যের মৌলিক বিষয়, শরীরের সঠিক ব্যবহার, তাল-লয়ের সমন্বয়, অভিব্যক্তির গুরুত্ব এবং মঞ্চে নিজেকে সুন্দরভাবে উপস্থাপনের বিভিন্ন কৌশল শেখানো হয়। আমরা বুঝতে পারি, নৃত্য কেবল বিনোদনের মাধ্যম নয়, এটি নিজেকে প্রকাশ করার একটি শক্তিশালী ভাষাও।
কর্মশালার সমাপনী দিনে নাট্যাভিনয়ের মৌলিক বিষয়, চরিত্র নির্মাণ, সংলাপ উপস্থাপন, শরীরী ভাষার কার্যকর ব্যবহার, দলগত কাজের গুরুত্ব এবং মঞ্চে অভিনয়ের বিভিন্ন কৌশল সম্পর্কে হাতে-কলমে ধারণা লাভ করি।
এই কর্মশালা থেকে আমি অনেক নতুন বিষয় শিখেছি, যা আমার আত্মবিশ্বাস বাড়িয়েছে। তবে আমার মনে হয়, এই কর্মশালার সবচেয়ে বড় প্রাপ্তি হলো ভাষার সঠিক ব্যবহার, সৃজনশীল চিন্তাভাবনা এবং দলগতভাবে কাজ করার মত গুরুত্বপূর্ণ দক্ষতা অর্জন।
প্রতিবেদকের বয়স: ১৬। জেলা: সিলেট।