বঙ্গবন্ধু শিশু চিত্রাঙ্কন ও আবৃত্তি প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে।
Published : 25 Apr 2014, 01:48 PM
শুক্রবার সকালে রাজধানীর শাহবাগ কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরিতে পটুয়া কামরুল হাসান আর্ট স্কুল এ অনুষ্ঠানের আয়োজন করে।
প্রতিযোগিতায় অংশ নেয়া ৫ শতাধিক শিশুর মধ্যে ৩৩ জন বিজয়ীর হাতে পুরস্কার তুলে দেয়া হয়।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অধ্যাপক জিল্লুর রহমান সিদ্দিকী, সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী মহীউদ্দিন খান আলমগীর, শিশু সাহিত্যিক কাইজার চৌধুরী ও এ এফ এম আসাদুজ্জামান।
এর আগে আলোচনা সভায় প্রতিযোগিতার বিচারক রেজাউল করিম বলেন, শিশু যেন সবসময় নিজের মন থেকে ছবি আঁকতে পারে সে বিষয়ে অভিভাবক ও শিক্ষকদের সহযোগিতা প্রয়োজন।
মহীউদ্দিন খান আলমগীর বলেন, দেশের প্রতি ভালোবাসা ও অদম্য সাহস- বঙ্গবন্ধুর চরিত্রের এই দুটো বৈশিষ্ট শিশুদের মাঝে ছড়িয়ে দিতে হবে। তাহলে এই শিশুরাই গড়ে তুলবে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা।
এছাড়াও বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ পরিবেশন করে হাসান মুশফিক শাবাব।
প্রতিযোগিতায় অংশ নেয়া সব শিশু-কিশোরকে পুরস্কার হিসেবে বাংলাদেশ ব্যাংক গভর্নর আতিউর রহমানের লেখা ‘বঙ্গবন্ধু সহজপাঠ’ বইটি দেয়া হয়।