অ্যাসিস্ট্যান্টটি ব্যবহারকারীদের গুগলের মতো বিভিন্ন অ্যাকাউন্ট বা সেবার সঙ্গে সংযোগের ওপর নির্ভর করে।
যাদের কাছে এ বিশেষ চশমাটি নেই তাদের ব্যবহারের জন্য এর আলাদা ডেস্কটপ ও মোবাইল অ্যাপও থাকছে। ছবি: এনগ্যাজেট
Published : 18 Sep 2026, 06:08 PM
সামাজিক যোগাযোগ মাধ্যমের অন্যান্য প্রতিদ্বন্দ্বীদের তুলনায় এআই খাতে এতদিন বড় কোনো বিনিয়োগ বা জোরালো পদক্ষেপ না নিলেও এবার নিজস্ব ধারায় বড় পরিবর্তনের ঘোষণা দিয়েছে স্ন্যাপ।
স্ন্যাপচ্যাটে জেনারেটিভ এআইভিত্তিক কিছু ফিচার এর আগে ছিল বটে, তবে প্রযুক্তিটিকে এতদিন মূল ফোকাসে আনেনি এই সেবা।
এবার স্ন্যাপ তাদের নতুন ডিজাইন করা এআর চশমার পাশাপাশি সম্পূর্ণ নতুন স্ট্যান্ডঅ্যালন এআই অ্যাসিস্ট্যান্ট নিয়ে আসছে বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তি সংবাদের সাইট এনগ্যাজেট।
‘স্পেক্স ইন্টেলিজেন্স’ নামের ‘অ্যান্টিসিপেটরি এআই সার্ভিস’ বা দূরদর্শী এআই সেবাটি তাদের নতুন হার্ডওয়্যারে প্রধান আকর্ষণ হিসেবে থাকবে।
পাশাপাশি, যাদের কাছে এ বিশেষ চশমাটি নেই তাদের ব্যবহারের জন্য এর আলাদা ডেস্কটপ ও মোবাইল অ্যাপও থাকছে।
স্ন্যাপ এটাকে সরাসরি কোনো অ্যাসিস্ট্যান্ট হিসেবে বর্ণনা না করলেও মেটার সাম্প্রতিক ‘মিউজ’ সম্পর্কে যারা জানেন তাদের কাছে এর কার্যপদ্ধতি বেশ পরিচিত মনে হতে পারে।
ব্লগ পোস্টে কোম্পানিটি বলেছে, “স্পেক্স ইন্টেলিজেন্স আপনার পছন্দের অ্যাপ ও টুলগুলোর সঙ্গে সংযোগের মাধ্যমে আপনার লক্ষ্য, গুরুত্ব তালিকা, সম্পর্ক ও দৈনন্দিন রুটিন সম্পর্কে সার্বিক ধারণা তৈরি করবে।”
‘স্পেক্স ইন্টেলিজেন্স’ স্ন্যাপচ্যাট থেকে সম্পূর্ণ আলাদা ও তা কোম্পানির আগের যে কোনো ফিচারের তুলনায় বেশি উৎপাদনমুখী।
অ্যাসিস্ট্যান্টটি ব্যবহারকারীদের গুগলের মতো বিভিন্ন অ্যাকাউন্ট বা সেবার সঙ্গে সংযোগের ওপর নির্ভর করে, যাতে ব্যবহারকারীকে বুঝতে পারার ওপর ভিত্তি করে বিভিন্ন বিষয় মনে করিয়ে দেওয়া ও অন্যান্য প্রাসঙ্গিক তথ্য সামনে আনা যায়।
কোম্পানিটি বলেছে, এটা কোনো মিটিংয়ের আগে ‘প্রশ্ন করার মতো ও মনে রাখার মতো বিষয়গুলো’ হাইলাইট করতে বা কোনো ভ্রমণের আগে ভ্রমণের পরিকল্পনা সামনে আনতে পারে।
এ ছাড়া, ডেটার ওপর ভিত্তি করে বিভিন্ন বিভাগে তথ্য সাজাতে পারে, যেমন কাজের ডেডলাইন থেকে পারিবারিক কাজের বিষয়গুলোকে আলাদা রাখা।
কারো এআর স্পেকস বা চশমাটি থাকলে অ্যাসিস্ট্যান্টটি সরাসরি তার দৃষ্টিসীমার ভেতরেই প্রয়োজনীয় সব তথ্য তুলে ধরতে পারবে। চশমা ব্যবহারকারীরা ‘হেই স্পেকস’ বলে সরাসরি এমন প্রশ্ন করতে পারবেন।
ডেমোর সময় ফিচারটি পুরোপুরি পাওয়া যেত না। ওই সময় কেবল ‘হেই স্পেকস’ বলে একটি ব্রাউজার উইন্ডো চালু করা সম্ভব হয়েছিল। তবে মেটা এআই যেভাবে নিজেদের চশমার সঙ্গে কাজ করে এর কিছু বিষয়ের সঙ্গে মিল রয়েছে স্ন্যাপের চশমার।
এদিকে, মেটা নিয়ে মানুষের মনে যেসব প্রাইভেসি সংক্রান্ত উদ্বেগ রয়েছে, স্ন্যাপ সম্ভবত সেগুলোর বিষয়ে আগেই সতর্কতামূলক ব্যবস্থা নিতে চাইছে।
কোম্পানিটি বলছে, নিজেদের এআই মডেল প্রশিক্ষণের জন্য বা বিজ্ঞাপন দেখানোর উদ্দেশ্যে কোম্পানিটি ‘স্পেকস ইন্টেলিজেন্স’-এর ডেটা ব্যবহার করবে না ও ‘স্ন্যাপের কর্মীরা এ সেবার সঙ্গে ব্যবহারকারীর ব্যবহৃত ব্যক্তিগত কনটেন্ট দেখতে বা সেগুলোতে প্রবেশ করতে পারবেন না’।
যুক্তরাষ্ট্রের আইওএস প্ল্যাটফর্মে স্পেকস অ্যাপের মাধ্যমে ব্যবহার করে দেখার জন্য ‘স্পেক্স ইন্টেলিজেন্স’-এর এক সীমিত সংস্করণ চালু করছে স্ন্যাপ।
এ প্রিভিউ সংস্করণের মাধ্যমে ব্যবহারকারীরা তাদের গুগল অ্যাকাউন্ট যোগ করে ‘কোথায় সময় ও মনোযোগ ব্যয় করছেন সে বিষয়ে নানা ইনসাইটস’ দেখতে পাবেন। তবে এতে স্বয়ংক্রিয়ভাবে আগে থেকেই কোনো পরামর্শ দেওয়ার সুবিধা থাকবে না।
এর পূর্ণাঙ্গ প্রাথমিক সংস্করণটি শুরুতে কেবল আমন্ত্রণের মাধ্যমে ও স্পেকসের ম্যাক অ্যাপের সঙ্গেই পাওয়া যাবে। আগ্রহী যে কেউ এখন ওয়েটলিস্টে নাম রেজিস্টার করতে পারবেন।