তাদের মধ্যে রয়েছেন ১৫ বছর ধরে নিখোঁজ থাকা মানসিক প্রতিবন্ধী এক নারী।
Published : 16 Sep 2026, 07:42 PM
ভারতে অবৈধ অনুপ্রবেশের দায়ে বিভিন্ন মেয়াদে সাজাভোগ ও শেল্টার হোমে থাকা শিশু-কিশোর, নারীসহ ১৮ বাংলাদেশিকে দেশে ফেরত পাঠিয়েছে সেদেশের সরকার।
বুধবার বিকালে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে তাদের হস্তান্তর করে বলে ওসি সাইফুর রহমান জানান।
ফেরত আসাদের মধ্যে রয়েছে নিখোঁজের ১৫ বছর পর ফিরে আসা ৩৫ বছর বয়সী মানসিক প্রতিবন্ধী আঞ্জু আরা। তিনি ভুলে সীমানা অতিক্রম করেছিলেন। পরে ২০১৭ সালে কলকাতার একটি হাসপাতালে তার খোঁজ মেলে।
পরবর্তীতে বাংলাদেশ উপ হাইকমিশন ও বেসরকারি উদ্যোগের সহায়তায় তাকে ফিরিয়ে আনা সম্ভব হয়।
ফেরত আসারা খুলনা, সাতক্ষীরা, গাইবান্ধা, নরসিংদী, বরিশাল, যশোর, গোপালগঞ্জ, নারায়ণগঞ্জ ও দিনাজপুর জেলার বাসিন্দা।
ইমিগ্রেশন পুলিশ জানায়, ফেরত আসা নারী ও শিশুরা বিভিন্ন সময় অবৈধভাবে ভারতে প্রবেশের পর সেদেশের পুলিশের হাতে ধরা পড়ে। সেখানে বিভিন্ন সেফ হোমে থাকার পর দুদেশের কূটনৈতিক প্রক্রিয়ায় ট্রাভেল পারমিটের মাধ্যমে তাদের ফিরিয়ে আনা হলো।
বেনাপোল আন্তর্জাতিক ইমিগ্রেশন ওসি সাইফুর রহমান বলেন, কাগজপত্রের আইনি আনুষ্ঠানিকতা শেষে তাদের পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে। সেখান থেকে তিনটি মানবাধিকার সংস্থা তাদের পরিবারের হাতে তুলে দেওয়ার দায়িত্ব নিয়েছে।
পুলিশ জানায়, ফেরত আসার পশ্চিমবঙ্গের ধ্রুবআশ্রম, চিনি, সংকল্প, কিশলয়া, রামকৃষ্ণ বিবেকানন্দ আশ্রম, এস এম এম হোম, সুকন্যা হোম, শহীদ বন্দনা বালিকা স্মৃতি আবাস, সুবায়ন হোমের হেফাজতে ছিল।
তাদের দেশে ফেরত আনতে জাস্টিস অ্যান্ড কেয়ার, রাইটস যশোর ও বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী নামের তিনটি মানবাধিকার সংগঠন সহায়তা করেছে।