এ সময় আরেক শিশুকে কামড়েছে কুকুরটি।
Published : 22 Sep 2026, 10:09 PM
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় কুকুরের কামড়ে এক শিশুর মৃত্যু হয়েছে; আহত হয়েছে আরেকজন।
উপজেলার কামারপাড়া ইউনিয়নের উত্তর হাটবামুনী গ্রামে সোমবার বিকালে ঘটনাটি ঘটলেও মঙ্গলবার তা জানাজানি হয়।
দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা রওজাতুন জান্নাত, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বিলকিস চৌধুরী ও উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা তানভীক জাহান ঘটনাস্থল পরিদর্শন করেন।
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে সৃষ্টি হয়েছে আতঙ্ক।
নিহত সিনথিয়া আক্তার (৭) ওই গ্রামের সনজু মিয়ার মেয়ে। সে স্থানীয় একটি স্কুলে নার্সারির শিক্ষার্থী ছিল।
আহত রাফিয়া মনি (৭) একই গ্রামের রাকিব মিয়ার মেয়ে। তাকে জলাতঙ্কের টিকা ও প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। বর্তমানে সে বাড়িতে অবস্থান করছে।
কামারপাড়া ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য মাজহারুল মাজেদ বাবু বলেন, সোমবার বিকালে সিনথিয়া আক্তার প্রাইভেট পড়ে বাড়ি ফিরছিল। তখন একটি বেওয়ারিশ কুকুর রাফিয়াকে পায়ে কামড় দেয়।
এটা দেখে সিনথিয়া দৌড় দেয়। তখন কুকুরটিও তাকে ধাওয়া করে। কিন্তু সিনথিয়া গাছের শিকড়ে ধাক্কা খেয়ে নিয়ন্ত্রণ হারিয়ে মাটিতে পড়ে যায়। তখন কুকুরটি তার গলায় কামড় দেয়।
ইউপি সদস্য মাজেদ বাবু বলেন, এতে সে গুরুতর আহত হয়। পরে স্বজনরা তাকে দ্রুত উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক শিশুটিকে মৃত বলে ঘোষণা করেন। ওই কুকুরটিকে এলাকাবাসী পিটিয়ে মেরে ফেলেছে।
সাদুল্লাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রওজাতুন জান্নাত বলেন, কুকুরের কামড়ের ঘটনায় আতঙ্কিত না হয়ে দ্রুত চিকিৎসকের পরামর্শ ও নির্ধারিত সময়ের মধ্যে জলাতঙ্কের টিকা নিতে হবে।
তিনি বলেন, এলাকায় বেওয়ারিশ কুকুরের উপদ্রব নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার বিষয়েও সংশ্লিষ্টদের অবহিত করা হয়েছে।