জেলা প্রাণিসম্পদ কার্যালয়ের তত্ত্বাবধানে পাখিটির চিকিৎসা চলছে।
Published : 20 Sep 2026, 08:19 PM
মাদারীপুরের ডাসার উপজেলায় আহত অবস্থায় একটি বিরল গ্রে ফিশ ঈগল উদ্ধার করেছে বনবিভাগ।
শনিবার সকালে উপজেলার বালিগ্রাম ইউনিয়নের পাথুরিয়ারপাড় এলাকা থেকে পাখিটিকে উদ্ধার করা হয় বলে জানান ভারপ্রাপ্ত বন কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম।
তিনি বলেন, জঙ্গলে পাখিটিকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা বনবিভাগকে খবর দেন। পরে কর্মকর্তারা গিয়ে সেটি উদ্ধার করেন। পাখিটির ডান ডানায় ক্ষত রয়েছে এবং এটি উড়তে পারছে না।
পরে পাখিটিকে জেলা প্রাণিসম্পদ কার্যালয়ে নেওয়া হয়। সেখানে ক্ষতস্থানে ওষুধ ও অ্যান্টিবায়োটিক দেওয়া হয়েছে। এখন বনবিভাগের খাঁচায় রেখে তাকে মাছ ও মাংস খেতে দেওয়া হচ্ছে।
বনবিভাগ জানায়, এ অঞ্চলে গ্রে ফিশ ঈগল খুব একটা দেখা যায় না। সুস্থ হয়ে উড়তে পারলে পাখিটিকে প্রাকৃতিক পরিবেশে ছেড়ে দেওয়া হবে।
বন কর্মকর্তা জাহাঙ্গীর আলম বলেন, পাখিটি জেলা প্রাণিসম্পদ কার্যালয় ও বনবিভাগের তত্ত্বাবধানে চিকিৎসাধীন। চিকিৎসার পর পাখিটি উড়তে পারলে তাকে খুলনা বনবিভাগের প্রাণী সংরক্ষণ কার্যালয়ে পাঠানো হবে।