রাজশাহী রেল স্টেশন মাঠে এই স্কুলের কার্যক্রম চলে। প্রতি সপ্তাহে শনি ও মঙ্গলবার শিশুরা এখানে পড়তে আসে।
Published : 10 Feb 2026, 09:44 PM
সুবিধাবঞ্চিত শিশুদের বিনামূল্যে পড়াচ্ছে রাজশাহী কলেজের একদল তরুণ শিক্ষার্থী। ‘সামাজিক স্কুল’ নামে একটি প্ল্যাটফর্মের মাধ্যমে তারা এই কার্যক্রম পরিচালনা করে।
মূলত স্কুলের পড়াগুলো আরও সহজ করে বুঝিয়ে দিতে এই তরুণরা সাহায্য করেন। এছাড়াও যে শিশু এখনও স্কুলে ভর্তি হয়নি তাদের আলাদা বইয়ের মাধ্যমে দেওয়া হয় বর্ণমালার পাঠ।
জানা যায়, রাজশাহী রেল স্টেশন মাঠে এই স্কুলের কার্যক্রম চলে। প্রতি সপ্তাহে শনি ও মঙ্গলবার শিশুরা এখানে পড়তে আসে।
পড়াশোনার পাশাপাশি শিশুদের জন্য মূল্যায়ন পরীক্ষার আয়োজন করা হয়। শিশুদের মনযোগ বাড়াতে দেওয়া হয় ছোট ছোট পুরস্কারও।
স্বেচ্ছাসেবী শিক্ষকরা জানান, ২০১৬ সালে রাজশাহী কলেজের কয়েকজন শিক্ষকের সহযোগিতায় সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা এই স্কুলটি চালু করে।
স্কুলের সভাপতি মো. হানজালা হোসেন হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বছরের শুরুতে এই স্কুলে পড়তে আসা শিশুর সংখ্যা ছিল প্রায় ৪০ জন। তবে শিশুশ্রমসহ নানা কারণে বর্তমানে তা কমে প্রায় ২৫ জনে নেমে এসেছে।”
তিনি আরও বলেন, “রাজশাহী কলেজের সমাজবিজ্ঞান বিভাগ, কলেজ প্রশাসন এবং সাবেক ও বর্তমান শিক্ষক-শিক্ষার্থীরা মিলেই এই স্কুলের খরচ বহন করেন।”
এই স্কুলের শিক্ষক মো. সাদাত হোসেন ইমন হ্যালোকে বলেন, “বাচ্চারা যখন আমাদের কাছ থেকে কিছু শিখে তখন খুব ভালো লাগে।”
এই পাঠদান কার্যক্রম আরও বিস্তৃত করতে স্বেচ্ছাসেবকদের সহযোগিতা চান স্কুলটির সম্পাদক ইমরান মাহমুদুল।
তিনি হ্যালোকে বলেন, “বর্তমানে রাজশাহী কলেজের শিক্ষার্থীরাই এখানে পাঠদান করে। ভবিষ্যতে অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের স্বেচ্ছাসেবীরা যুক্ত হলে কার্যক্রম আরও বিস্তৃত হবে।”
প্রতিবেদকের বয়স: ১৭। জেলা: রাজশাহী।