আইনের ৯ ধারায় বলা হয়েছে, বাল্যবিয়ে পড়ানো বা পরিচালনার সঙ্গে যুক্ত ব্যক্তির জন্যও শাস্তির বিধান রয়েছে।
Published : 22 Sep 2026, 05:00 PM
বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭ অনুযায়ী, ১৮ বছরের কম বয়সী মেয়ের বা ২১ বছরের কম বয়সী ছেলের বিয়ে হলে সেটি বাল্যবিয়ে।
এই ধরনের বিয়ে শুধু পাত্র-পাত্রীকেই আইনি ঝুঁকিতে ফেলে না। এর সঙ্গে জড়িত মা-বাবা, অভিভাবক, বিয়ে পড়ানো ব্যক্তি, নিবন্ধনকারীসহ অন্যদের জন্যও শাস্তির বিধান রয়েছে।
আইনের ৮ ধারায় বলা হয়েছে, মা-বাবা বা অন্য কোনো ব্যক্তি আইনবহির্ভূতভাবে অপ্রাপ্তবয়স্কের ওপর কর্তৃত্ব দেখিয়ে বাল্যবিয়ে সম্পন্ন করতে চাইলে, এর অনুমতি বা নির্দেশ দিলে কিংবা নিজের অবহেলায় বিয়ে বন্ধ করতে ব্যর্থ হলে তা অপরাধ হিসেবে গণ্য হবে।
এ ধরনের অপরাধে ছয় মাস থেকে দুই বছর পর্যন্ত কারাদণ্ড এবং সর্বোচ্চ ৫০ হাজার টাকা জরিমানা হতে পারে।
জরিমানার অর্থ দিতে ব্যর্থ হলে আরও সর্বোচ্চ তিন মাসের কারাদণ্ড হতে পারে। পরিস্থিতি অনুযায়ী কারাদণ্ড ও জরিমানা দুটিই হতে পারে।
আইনের ৯ ধারায় বলা হয়েছে, বাল্যবিয়ে পড়ানো বা পরিচালনার সঙ্গে যুক্ত ব্যক্তির জন্যও শাস্তির বিধান রয়েছে। এ ক্ষেত্রে ছয় মাস থেকে দুই বছর পর্যন্ত কারাদণ্ড অথবা সর্বোচ্চ ৫০ হাজার টাকা জরিমানা, কিংবা উভয় দণ্ড হতে পারে।
বাল্যবিয়ে নিবন্ধনকারীর জন্যও একই শাস্তির বিধান প্রযোজ্য। পাশাপাশি বাল্যবিয়ে নিবন্ধনের কারণে তার লাইসেন্স বা নিয়োগ বাতিল করার কথাও আইনে বলা হয়েছে।
প্রতিবেদকের বয়স: ১৫। জেলা: রাজশাহী।