ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলের বিপরীতে বাংলাদেশ শিশু একাডেমির পাশে সারি সারি দোকানে সাজানো রয়েছে এসব পণ্য।
Published : 17 Oct 2026, 10:00 PM
মাটির ফুলদানি, কাঠের কারুকাজ কিংবা পাট ও বেতের তৈরি শৌখিন সামগ্রী। দেশীয় হস্তশিল্পের এমন নানা পণ্যের দেখা মেলে রাজধানীর দোয়েল চত্বরে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলের বিপরীতে বাংলাদেশ শিশু একাডেমির পাশে সারি সারি দোকানে সাজানো রয়েছে এসব পণ্য। মাটির টব, কলমদানি, পুতুল, হাতি-ঘোড়ার শোপিস থেকে শুরু করে ঘর সাজানোর নানা সামগ্রী পাওয়া যায় এখানে।
শুধু মাটির তৈরি পণ্যই নয়, কাঠের খোদাই করা গহনার বাক্স, টেবিল ল্যাম্প, পাটের ব্যাগ এবং বেতের তৈরি সামগ্রীও রয়েছে দোকানগুলোতে। এসব পণ্যে ফুটে ওঠে দেশীয় কারুশিল্পের নকশা ও ঐতিহ্য।
নিজের ঘর সাজাতে কিংবা প্রিয়জনকে উপহার দিতে এসব সামগ্রী কিনতে আসেন শৌখিন মানুষেরা।
সময়ের সঙ্গে মানুষের পছন্দ বদলালেও মাটি, কাঠ, পাট ও বেতের তৈরি এসব পণ্যে টিকে আছে বাংলার কারুশিল্পের পরিচিত ধারা। দোয়েল চত্বরের দোকানগুলোতে সেই ঐতিহ্যই জায়গা করে নিয়েছে শহুরে জীবনে।
প্রতিবেদকের বয়স: ১৬। জেলা: ঢাকা।