আমি চাই, পরিবার থেকেই আমরা শিখি যে ভিন্ন ধর্মের মানুষ মানেই আলাদা কেউ নয়।
Published : 21 Oct 2026, 09:00 PM
আমাদের সমাজে নানা ধর্ম, জাতি ও সংস্কৃতির মানুষ একসঙ্গে বসবাস করে। কারও ধর্ম আলাদা, কারও উৎসব আলাদা, আবার কারও ভাষা ও সংস্কৃতিতেও রয়েছে ভিন্নতা।
কিন্তু এসব পার্থক্যের মধ্যেও আমরা সবাই মানুষ। একে অপরের প্রতি সম্মান ও সহমর্মিতা দেখিয়ে মিলেমিশে থাকাই আমার কাছে সাম্প্রদায়িক সম্প্রীতি।
শিশুরা ছোটবেলা থেকেই পরিবারে নানা বিষয় শেখে। বাবা-মায়ের কথা ও আচরণ তাদের ওপর প্রভাব ফেলে। তাই পরিবার থেকেই যদি অন্য ধর্ম ও সম্প্রদায়ের মানুষের প্রতি শ্রদ্ধা দেখানোর শিক্ষা দেওয়া হয় তাহলে শিশুরাও সবাইকে সম্মান করতে শিখবে বলে আমি বিশ্বাস করি।
কিন্তু কখনো কখনো আমরা দেখি, ধর্ম বা সম্প্রদায়ের পরিচয়ের কারণে কাউকে ছোট করা হয়। অন্য ধর্মের মানুষের উৎসব বা বিশ্বাস নিয়ে উপহাস করা হয়। বড়দের এমন আচরণ দেখে শিশুরাও ভুল ধারণা শিখতে পারে। তাই আমার মতে, বাবা-মায়ের উচিত নিজেদের আচরণের মাধ্যমে সম্প্রীতির শিক্ষা দেওয়া।
অন্যের ধর্মীয় বিশ্বাসকে সম্মান করা, ভিন্ন মতের মানুষের সঙ্গে বন্ধুত্ব গড়ে তোলা এবং কারও প্রতি বৈষম্য না করার শিক্ষা ছোটবেলা থেকেই দেওয়া প্রয়োজন।
আমি চাই, পরিবার থেকেই আমরা শিখি যে ভিন্ন ধর্মের মানুষ মানেই আলাদা কেউ নয়। প্রত্যেকের বিশ্বাস ও পরিচয়ের প্রতি সম্মান দেখানো আমাদের দায়িত্ব।
প্রতিবেদকের বয়স: ১৪। জেলা: গাজীপুর।