আমার মতে, দেশে শিশুশ্রমের প্রধান কারণ হল দারিদ্র্য ও অসচেতনতা।
Published : 26 Aug 2026, 08:26 AM
যে বয়সে হাতে থাকার কথা ছিল বই-খাতা আর খেলার সামগ্রী, সে বয়সে রোদে পুড়ে, বৃষ্টিতে ভিজে ভারি কাজ করতে হচ্ছে অনেক শিশুকে।
শৈশবের সোনালী দিনগুলো যখন হেসে-খেলে কাটার কথা, তখন বেঁচে থাকার তাগিদে তাদের নামতে হয় কঠিন লড়াইয়ে।
আমাদের চারপাশে তাকালেই এমন নির্মম চিত্রের দেখা মেলে। ইটের ভাটা, লেগুনা, রেস্তোরাঁ কিংবা ওয়েল্ডিং কারখানায় হাড়ভাঙা খাটুনি খাটছে কত শিশু!
জাতীয় শিশুশ্রম জরিপ-২০২২ অনুযায়ী বাংলাদেশে শিশুশ্রমে যুক্ত ৩ কোটি ৫৩ লাখ ৩৬ হাজার ৯২৭ জন শিশু। তাদের মধ্যে ঝুঁকিপূর্ণ কাজে নিযুক্ত ১ কোটি ৬৮ হাজার ২১২ জন।
বাংলাদেশে শিশুশ্রমের ঝুঁকিপূর্ণ ক্ষেত্রগুলো হল গাড়ির গ্যারেজ, ওয়েল্ডিং কারখানা কিংবা ওয়ার্কশপের মত প্রতিষ্ঠান। বেশিরভাগ ক্ষেত্রেই শিশুরা সুরক্ষা সরঞ্জাম ছাড়াই কাজ করতে বাধ্য হয়। ফলে নানা ধরনের শারীরিক জটিলতার পাশাপাশি প্রাণহানির মত ঘটনাও ঘটে।
আমার মতে, দেশে শিশুশ্রমের প্রধান কারণ হল দারিদ্র্য ও অসচেতনতা। অনেক পরিবারে মা-বাবার আয় দিয়ে সংসার না চলায় সন্তানদের রোজগারে নামতে হয়। এছাড়া, কিছু অসাধু মালিক কম মজুরিতে দীর্ঘ সময় কাজ করানো যায় বলে শিশুদের কাজে নিয়োগ দিতেও উৎসাহী থাকে।
তাই আমার মনে হয়, শিশুশ্রম বন্ধে কেবল আইন করাই যথেষ্ট নয়। ঝুঁকিপূর্ণ খাতে শিশুশ্রম বন্ধে নিয়মিত তদারকি, নিম্ন আয়ের পরিবারগুলোর জন্য সামাজিক নিরাপত্তা জোরদার করা এবং পথশিশুদের পুনর্বাসনের ব্যবস্থা করাও জরুরি।
প্রতিবেদকের বয়স: ১৪। জেলা: খুলনা।