নিজের আঁকা ছবি অন্যকে উপহার দিতেও বেশ আনন্দ পাই। কয়েকদিন আগে প্রধানমন্ত্রী তারেক রহমানকেও নিজের আঁকা একটি স্কেচ উপহার দেওয়ার সুযোগ হয় আমার।
Published : 10 Nov 2026, 08:30 PM
ছোটবেলা থেকেই ছবি আঁকতে ভালো লাগে আমার। নিজের আঁকা ছবি অন্যকে উপহার দিতেও বেশ আনন্দ পাই। এর আগে স্কুলের আল-আমিন স্যার, অধ্যক্ষ স্যারসহ অনেক বন্ধুকে স্কেচ উপহার দিয়েছি।
কয়েকদিন আগে প্রধানমন্ত্রী তারেক রহমানকেও নিজের আঁকা একটি স্কেচ উপহার দেওয়ার সুযোগ হয় আমার। নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় আসরের উদ্বোধন করতে তিনি খুলনা জেলা স্টেডিয়ামে এসেছিলেন।
অনুষ্ঠানে অংশ নিতে বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীদের আমন্ত্রণ জানানো হয়। আমাদের স্কুল থেকেও অনেক শিক্ষার্থী অংশ নেয়। তাদের মধ্যে আমিও ছিলাম।
এর আগে বিভিন্ন অনুষ্ঠানে প্রধানমন্ত্রীকে শিশুদের সঙ্গে কথা বলতে দেখেছি। তাই ভাবলাম, তার জন্য একটি স্কেচ এঁকে নিয়ে গেলে কেমন হয়! হয়ত ছবিটি দেখে তিনি পছন্দও করতে পারেন।
সেই ভাবনা থেকেই স্কেচ আঁকার পরিকল্পনা করি। অনুষ্ঠানের আগের রাতে আঁকার কাজ শেষ হয়। খুব অল্প সময়ের মধ্যেই এঁকেছিলাম।
অনুষ্ঠানের দিন আমরা দর্শকসারিতে বসেছিলাম। প্রধানমন্ত্রী মাঠের চারপাশ দিয়ে হেঁটে হাত নেড়ে শিশুদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করছিলেন। একপর্যায়ে তিনি আমার সামনে এলে হাতে থাকা স্কেচটির দিকে তার নজর পড়ে।
তিনি কাছে এসে ছবিটির দিকে তাকিয়ে জানতে চান, এটি তার জন্য এঁকেছি কি না। আমি হ্যাঁ বললে তিনি ছবিটি নিজের হাতে নেন এবং আমাকে ধন্যবাদ জানান।
নিজের আঁকা ছবি নিয়ে আমি খুব একটা সন্তুষ্ট থাকি না। ছবিটা উপহার দিতে পারলেই ভালো লাগে। এবারও ঠিক তাই হল।
প্রতিবেদকের বয়স: ১৪। জেলা: খুলনা।