‘চিরকুট’ প্রেক্ষাগৃহে আসছে দুর্গাপূজায়।
Published : 20 Sep 2026, 01:05 PM
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নব্বইয়ের দশকের এক সত্য ঘটনা অবলম্বনে বানানো হয়েছে চলচ্চিত্র ‘চিরকুট’।
নির্মাতা মুনতাসির আকিবের পরিচালনায় সিনেমাটি দুর্গাপূজায় সারা দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে।
ক্যাম্পাসের তারুণ্যের উচ্ছ্বাস, গভীর বন্ধুত্ব, প্রেম আর জীবনের নানা নস্টালজিক গল্প নিয়ে লেখা হয়েছে চিরকুটের চিত্রনাট্য। এটি মুনতাসির আকিবের প্রথম ফিচার ফিল্ম।
সিনেমাটি নিয়ে পরিচালক আকিব বলেন, “নব্বইয়ের দশকের রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ঘটে যাওয়া একটি সত্য ঘটনা থেকেই চিরকুটের গল্প তৈরি হয়েছে। তখনকার আবেগ, সম্পর্ক ও স্মৃতির সঙ্গে বর্তমান প্রজন্মের দর্শকদের একধরনের সংযোগ তৈরি করাই আমাদের মূল উদ্দেশ্য ছিল।”
নির্মাতা আরও বলেন, সময়ের ব্যবধানের কারণে সে সময়ের পোশাক, ক্যাম্পাসের পরিবেশ আর তৎকালীন জীবনযাপনের নানান অনুষঙ্গ হুবহু ফুটিয়ে তোলা বেশ কঠিন ছিল। তবে দর্শক যেন সিনেমাটি দেখার সময় সেই দিনগুলোতে ফিরে যান— সেই অভিজ্ঞতা দেওয়ার চেষ্টা করা হয়েছে।
‘চিরকুট’ সিনেমায় বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শ্যামল মাওলা, আজিজুন মিম, কাজী নওশাবা আহমেদ, সুমন পাটোয়ারী, তেহজিব, আবদুল্লাহ আল সেন্টু, শাওন আশরাফ, সিয়াম নাসির, শিমুল, সাদি খান, শামীম আহসান, মাহিরা হাসান ও ইব্রাহিম সুজনসহ আরও অনেকে।
পরিচালনার পাশাপাশি সিনেমাটির গল্প ও চিত্রনাট্যও রচনা করেছেন আকিব নিজে।
সিনেমার চারটি গানে কণ্ঠ দিয়েছেন রেহান রাসুল, মাশা, মেহেদী সরকার এবং স্নেহাশিস চক্রবর্তী অভি।