একসময় তাদের তিনজনের ব্যক্তিগত জীবন নিয়ে টালিগঞ্জে বেশ আলোচনা ছিল।
Published : 17 Sep 2026, 09:57 PM
ভারতের কলকাতার পরিচালক ও প্রযোজক রাজ চক্রবর্তীর নতুন সিনেমা ‘তাণ্ডব’ এ অভিনয় করছেন অভিনেত্রী মিমি চক্রবর্তী। এ সিনেমা দিয়ে প্রায় ১২ বছর পর রাজের প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করছেন এই অভিনেত্রী।
বেশ কিছু দিন ধরে বিষয়টি গুঞ্জন হিসেবে প্রচার হলেও অবশেষে সোশাল মিডিয়ায় এক পোস্টে খবরটি নিশ্চিত করেছেন মিমি নিজেই।
হিন্দুস্থান টাইমস বাংলা লিখেছে, নতুন চলচ্চিত্র ‘তাণ্ডব’ এর ক্ল্যাপস্টিক হাতে একটি ছবি প্রকাশ করেছেন মিমি চক্রবর্তী। যেখানে সবুজ কুর্তি পরা মিমির মুখ ক্ল্যাপস্টিকের পেছনে দেখা যায়। ছবির ক্যাপশনে তিনি শুধু লিখেছেন, '# তান্ডব'।
মিমির সেই পোস্টের মন্তব্য ঘরে শুভশ্রী গঙ্গোপাধ্যায় লিখেছেন, ‘সুপার হ্যাপি!’
একসময় নির্মাতা রাজ চক্রবর্তী, মিমি চক্রবর্তী ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের ব্যক্তিগত জীবন নিয়ে টালিগঞ্জে বেশ আলোচনা ছিল। রাজের পরিচালনায় ‘বোঝে না সে বোঝে না’, ‘প্রলয়’ ও ‘যোদ্ধা’র মত একাধিক ব্যবসাসফল চলচ্চিত্রে অভিনয় করেন মিমি। তাদের শেষ চলচ্চিত্র ‘কাঠমান্ডু’ মুক্তির পরপরই সে সম্পর্কের টানাপোড়েন প্রকাশ্যে আসে।
এরপর একসঙ্গে আর কাজ করতে দেখা যায়নি এই জুটিকে।
তবে অতীত বিবাদ পেছনে ফেলে বর্তমানে তাদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রয়েছে।
হিন্দুস্তান টাইমস লিখেছে, থ্রিলার ও অ্যাকশন ঘরানার গল্প নিয়ে নির্মিত হচ্ছে ‘তাণ্ডব’। এতে ভিন্ন এক অ্যাকশন রূপে পর্দায় হাজির হবেন মিমি। তবে এ নিয়ে বিস্তারিত তথ্য এখনো আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি।