ভারতের প্রধান নির্বাচকের দায়িত্বে মেয়াদ বাড়ানোর আবেদন করবেন না সাবেক এই পেসার, তাকে নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে একটু সময় নিচ্ছে বোর্ড।
Published : 19 Sep 2026, 11:48 AM
ভারতের প্রধান নির্বাচকের দায়িত্বে আজিত আগারকারের মেয়াদ শেষ হওয়ার পথে। ক্রিকেট ওয়েবসাইট ক্রিকইনফো জানতে পেরেছে, তিনি আর মেয়াদ বাড়ানোর আবেদন করবেন না বলে সিদ্ধান্ত নিয়েছেন। ভারতীয় বোর্ডকে নিজের সিদ্ধান্তের কথা এই সপ্তাহে জানিয়েও দিয়েছেন সাবেক এই পেসার।
আগারকারের বর্তমান চুক্তির মেয়াদ শেষ আগামী ৪ অক্টোবর। ক্রিকইনফোর খবর, ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত মেয়াদ বাড়ানো হবে কি না, এটা জানতে সম্প্রতি বোর্ডের সঙ্গে যোগাযোগ করেছিলেন আগারকার। সেই যোগাযোগের ফলাফল নিশ্চিত হওয়া যায়নি।
ভারতীয় বোর্ডের সচিব দেবাজিৎ সাইকিয়া শুক্রবার সংবাদমাধ্যমকে জানান যে, আগারকারের ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নিতে আরেকটু সময় নিতে চান তারা।
“আমাদের হাতে এখনও ১৫ দিন সময় আছে। ক্রিকেটের জগতে ১৫ দিন অনেক লম্বা সময়। আমরা উপযুক্ত সময়ে সিদ্ধান্ত নেব।”
২০২৩ সালের জুলাইয়ে প্রধান নির্বাচকের দায়িত্ব নেন আগারকার। তার মেয়াদের এই তিন বছরে সাদা বলের ক্রিকেটে উল্লেখযোগ্য সাফল্য পেয়েছে ভারত। ২০২৩ বিশ্বকাপের ফাইনালে খেলেছে তারা, এশিয়া কাপ জিতেছে টানা দুবার (২০২৩ ও ২০২৫), টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে টানা দুটি (২০২৪ ও ২০২৬) এবং চ্যাম্পিয়ন হয়েছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে।
টেস্ট ক্রিকেটে অবশ্য এই সময়ে বিব্রতকর কিছু পরাজয় এসেছে ভারতের। এর মধ্যে আছে দেশের মাঠে নিউ জিল্যান্ডের কাছে হোয়াইটওয়াশড হওয়া ও দক্ষিণ আফ্রিকার কাছে সিরিজ হার।
তবে মোটা দাগে আগারকারকে এই দায়িত্বে সফল বলেই ধরে নেওয়া হয়। বোর্ড ও টিম ম্যানেজমেন্টের সঙ্গে সমন্বয় করে দীর্ঘমেয়াদে পরিকল্পনা গড়তে তার উল্লেখযোগ্য ভূমিকা ছিল। গত বছর টেস্ট ও ওয়ানডে সংস্করণে শুবমান গিলকে অধিনায়ক করার ক্ষেত্রে আগারকারের প্যানেল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপের পর তারা সম্মিলিতভাবে শ্রেয়াস আইয়ারকে ভারতের টি-টোয়েন্টি অধিনায়ক হিসেবে নিয়োগ দিতে সম্মত হয়।
২০২৭ বিশ্বকাপের কাজও শুরু করেছিল এই প্যানেল। সবশেষ তারা দল গড়েছেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সাদা বলের সিরিজের জন্য, যেটি শুরু হবে আগামী ২৭ সেপ্টেম্বর।
বোর্ডের সচিব সাইকিয়া যদিও বলেছেন অনেকটা সময় এখনও আছে, আদতে তারা এটাও জানেন যে, আগারকারের বিষয়ে তাদের দ্রুত একটি সিদ্ধান্ত নিতে হবে। আগামী মাসের মাঝামাঝি সময়ে পূর্ণাঙ্গ সফরে নিউ জিল্যান্ডে যাবে ভারতীয় দল। সফরটি শুরু হবে পাঁচটি টি-টোয়েন্টি দিয়ে, এরপর রয়েছে পাঁচটি ওয়ানডে এবং দুটি টেস্ট। এর আগে ছায়া সফরের অংশ হিসেবে নিউ জিল্যান্ডে দুটি বেসরকারী টেস্ট খেলবে ভারতীয় ‘এ’ দল। এই সিরিজগুলোর দল বাছাই করতে হবে দ্রুতই।