জলবায়ু পরিবর্তনের কারণে এখন বিশ্বজুড়ে তাপমাত্রা বাড়ছে।
Published : 07 Apr 2026, 12:28 PM
প্রকৃতিতে কড়া নাড়ছে গ্রীষ্ম। তবে গেল কয়েক বছরের অভিজ্ঞতা বলছে, এই ঋতু এখন আর স্বস্তির বার্তা নিয়ে আসে না। তীব্র তাপদাহে জনজীবনকে প্রায়ই ওষ্ঠাগত করে তোলে এই ঋতু।
এবারও গ্রীষ্ম পুরোপুরি শুরু হওয়ার আগেই গরমের দাপট দেখা যাচ্ছে। এই অতিরিক্ত গরম কেবল ঋতু পরিবর্তনের কারণেই নয় বরং এর পেছনে জলবায়ু পরিবর্তনের প্রভাবও রয়েছে বলে আমি মনে করি।
জলবায়ু পরিবর্তনের কারণে এখন বিশ্বজুড়ে তাপমাত্রা বাড়ছে। এই বৈশ্বিক উষ্ণতার প্রভাবে মেরু অঞ্চলের বরফ গলে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়ছে। ভৌগোলিক অবস্থানের কারণে বাংলাদেশ এই পরিবর্তনের বড় ঝুঁকিতে রয়েছে।
আমি কয়েকটি লেখায় পড়েছি, সমুদ্রের উচ্চতা বাড়তে থাকলে দেশের উপকূলীয় অঞ্চলের অনেক এলাকা তলিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। এতে অনেক মানুষ ভিটেমাটি হারিয়ে শহরে পাড়ি জমাতে বাধ্য হবে। ফলে এটি শুধু পরিবেশগত নয়, বড় ধরনের সামাজিক ও মানবিক সংকটেরও কারণ হবে।
সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির প্রভাব ইতোমধ্যে উপকূলীয় অঞ্চলে দেখা যাচ্ছে। লবণাক্ততা বেড়ে যাওয়ায় কৃষি খাত ক্ষতিগ্রস্ত হচ্ছে। নোনা পানি ঢুকে পড়ায় ধানসহ বিভিন্ন ফসলের উৎপাদন কমে যাচ্ছে।
এছাড়া অনেক এলাকায় সুপেয় পানির সংকটও তীব্র হয়ে উঠেছে। মানুষকে দূর-দূরান্তে গিয়ে পানি সংগ্রহ করতে হচ্ছে। যা তাদের দৈনন্দিন জীবনকে কঠিন করে তুলছে এবং স্বাস্থ্যঝুঁকিও বাড়াচ্ছে।
সব মিলিয়ে, জলবায়ু পরিবর্তন এখন আর ভবিষ্যতের কোনো আশঙ্কার নাম নয়। এটি এখন বর্তমানের বাস্তবতা। তাই এর প্রভাব কমাতে এখনই আমাদের সচেতন হতে হবে।
প্রতিবেদকের বয়স: ১২। জেলা: খুলনা।