ঢাকার বিভিন্ন এলাকা থেকে বৃহস্পতিবার তাদের গ্রেপ্তার করা হয়।
Published : 18 Sep 2026, 07:32 PM
ঢাকার গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিলের ঘটনায় করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার আরও চার আসামিকে কারাগারে পাঠিয়েছে আদালত।
তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে শুক্রবার ঢাকার মেট্রোপলিটন মাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলাম এ আদেশ দেন।
প্রসিকিউশন বিভাগের এসআই মোক্তার হোসেন এ তথ্য দিয়েছেন।
কারাগারে যাওয়া আসামিরা হলেন-সহিম উদ্দীন (৩০), তুষার (২৭), সাদমান সাকিব (৩৬) ও আল আমিন মৃধা (৪৫)।
মামলার তদন্ত কর্মকর্তা গুলশান থানার এসআই রুহুল আমিন আসামিদের আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন।
আসামিপক্ষের আইনজীবী মো. রিয়াজ মোরশেদ মাহিম আসামিদের জামিন চেয়ে শুনানি করেন।
তবে আদালত জামিন আবেদন নাকচ করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেয়।
এর আগে বৃহস্পতিবার তাদের ঢাকার বিভিন্ন এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
এর আগে পুলিশ জানিয়েছে, গুলশানে মিছিলের ঘট্নায় করা মামলায় সোমবার পর্যন্ত ৮৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে ২৪ জনকে রিমান্ডে নেওয়া হয়েছে।
গত ১১ সেপ্টেম্বর দুপুরে গুলশান-১ এলাকায় ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে কয়েকশ’ লোক মিছিল করে। পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে গেলে মিছিলকারীরা দুটি ককটেলের বিস্ফোরণ ঘটায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশও দুই রাউন্ড রাবার বুলেট ছোড়ে।
এ ঘটনায় গুলশান থানার এসআই মো. মাহবুব হোসাইন বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেন। এতে ১১৮ জনের নাম দিয়ে অজ্ঞাতনামা আরও ৮০ থেকে ১০০ জনকে আসামি করা হয়।
আগের খবর:
গুলশানে 'জয় বাংলা' স্লোগানে মিছিল, ককটেল বিস্ফোরণ
গুলশানে ‘জয় বাংলা’ স্লোগান-মিছিল: ওসির পর সরানো হল পুলিশের ডিসিকে
আওয়ামী লীগের মিছিল: গুলশান থানার ওসি প্রত্যাহার
গুলশানে আওয়ামী লীগের মিছিলে ‘অংশ নেওয়া’ ৩২ জন গ্রেপ্তার