রাকিবুল হাসানকে ডিএমপি সদরদপ্তরে সংযুক্ত করা হয়েছে।
Published : 18 Sep 2026, 12:40 AM
সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি অডিও ক্লিপ ছড়িয়ে পড়ার পর প্রত্যাহার করা ঢাকার ক্যান্টনমেন্ট থানার ওসি রাকিবুল হাসানের বিষয়ে তদন্তে নেমেছে পুলিশ।
এ বিষয়ে একটি কমিটি গঠনের তথ্য দিয়েছেন ঢাকা মহানগর পুলিশ-ডিএমপির অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম।
ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদের সই করা এক আদেশে বৃহস্পতিবার দুপুরে ওসি রাকিবুলকে ক্যান্টনমেন্ট থানা থেকে সরিয়ে ডিএমপি সদরদপ্তরে সংযুক্ত করা হয়।
এদিন রাতে তাকে মিন্টো রোডে ডিএমপির গোয়েন্দা শাখা-ডিবি কার্যালয়ে নেওয়ার কথা বলেছেন তার সহকর্মী পুলিশ কর্মকর্তারা।
তবে রাত পৌনে ১২টার দিকে ডিবি প্রধান শফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা কেন তাকে নিয়ে আসব।
“তবে এ বিষয়ে ডিএমপির যুগ্ম কমিশনারকে (ক্রাইম ম্যানেজমেন্ট) আহ্বায়ক করে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। তারা প্রতিবেদন দিলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।”
ডিএমপির একজন উর্ধ্বতন কর্মকর্তা সাড়ে ১১টার দিকে নাম প্রকাশ না করার শর্তে বলেন, “ওসি রাকিবকে সন্ধ্যায় ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়েছিল।”
সম্প্রতি একটি অডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে, যেখানে ওসি পরিচয়ে একজনকে সরকার, প্রশাসন, সেনাবাহিনী ও পুলিশের সমালোচনা করতে শোনা যায়।
ওসি রাকিবুলের নামে প্রচার করা ওই অডিওটিতে এক ব্যক্তিকে বলতে শোনা যায়, “রাস্তায় থাকা পুলিশ খুবই দুর্বল। শেখ হাসিনা যদি ডিসেম্বরে ফিরে আসে, তবে তারা কিছুই করতে পারবে না।”
ওই ব্যক্তি অডিওতে দাবি করেন, “পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা বিএনপির দিকে ঝুঁকছেন, অথচ মাঠ পর্যায়ের পুলিশ সদস্যরা তা করছেন না।”
পুলিশের পদায়নে ঘুষ লেনদেনের অভিযোগ নিয়েও কথা বলতে শোনা যায়।
ওসি রাকিবুলের নামে ছড়িয়ে পড়া অডিওটি তারই কিনা সেটি নিশ্চিত হওয়া যায়নি।
তবে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বিষয়টি খতিয়ে দেখার কথা বলেছেন ডিএমপির ঊর্ধ্বতন এক কর্মকর্তা।