হ্যালোতে আমার শেষ লেখা | hello.bdnews24.com
আমার কথা

আশিকুজ্জামান আশিক (১৭), রাজশাহী 

Published: 2021-07-01 23:28:47.0 BdST Updated: 2021-07-01 23:28:47.0 BdST

শিশু সাংবাদিকতায় আমার হাতেখড়ি হয়েছে হ্যালোতে। এটি শুধু সংবাদ মাধ্যম নয়, আমার শিক্ষা প্রতিষ্ঠানও।

যেহেতু এটি শিশুদের গণমাধ্যম, তাই বয়স ১৮ হয়ে গেলে বিদায় নিতে হয়। আমার ক্ষেত্রেও তাই হচ্ছে। এটিই আমার শেষ লেখা।

পহেলা জুলাই আমার বয়স ১৭ এর ঘর পূর্ণ করছে। আমার জন্মদিন এদিন। অন্যান্য বছর এই দিনটি অনেক আনন্দের সঙ্গে পালন করলেও এবার ভিন্ন এক রুপে ধরা দিয়েছে। ভাবতেই কেমন যেন লাগছে, শিশু সাংবাদিকতার শেষ দিন আমার।

হ্যালোতে আছি প্রায় দেড় বছরের বেশি সময় ধরে। প্রশিক্ষণও পেয়েছিলাম আমি। হ্যালো আমাকে শিখিয়েছে অনেক কিছু। এর মধ্যে অন্যতম হচ্ছে, কোন ঘটনা গুজব  আর কোনটি সত্যি ঘটেছে তা  যাচাই করার শিক্ষা। আমার মনে হয় এই জ্ঞান সবার থাকলে হয়ত না বুঝে কেউ গুজব ছড়াবে না। এছাড়াও হ্যালো আমাকে করেছে আত্মবিশ্বাসী। শিখিয়েছে ভাষার ব্যবহার, বাংলা বানানে করেছে সচেতন।

দেড় বছরের এই অল্প সময়ের বেশিরভাগ সময়টাতেই ছিল করোনা মহামারি। অফিস থেকে নিষেধ ছিল মাঠে কাজ করার। তারপরও সামান্য লেখালেখি থেকেই হ্যালো আমাকে বেশ কয়েকবার মাস সেরা ও বর্ষ সেরা হিসেবে পুরষ্কৃত করেছে, যা আমার কাছে অমূল্য। 

হ্যালোর অনেক বড় ভাই ও বোনের সঙ্গে পরিচয় হয়েছে। তাদেরও এভাবেই বিদায় নিতে হয়েছে। আমাকেও আজ থেকে তাদের মতোই সাবেক উপাধি নিতে হবে। 

এই লেখাটি প্রকাশ হলে হয়ত অনেকক্ষণ তাকিয়ে থাকব। এরপর আর হ্যালোতে আমার লেখা দেখতে পারব না এটা সত্যিই বেদনাদায়ক। তবে চিরকালই আমি হ্যালো পরিবারের একজন সদস্য, এটা ভাবলে আর কষ্ট পাই না।

Print Friendly and PDF

সর্বাধিক পঠিত