স্মৃতিতে সেন্টমার্টিন | hello.bdnews24.com
আমার কথা

নাফিসা নাওয়ার অথৈ (১৫), ঢাকা

Published: 2021-07-01 23:23:57.0 BdST Updated: 2021-07-01 23:23:57.0 BdST

২০১৭ সালের কথা। কক্সবাজার সমুদ্র সৈকতে দুই দিন কাটানোর পর রওনা হই স্বপ্নের দ্বীপ সেন্টমার্টিনের উদ্দেশ্যে।

মেরিন ড্রাইভ দিয়ে যাওয়ার সেই রোমাঞ্চকর অনুভূতি লিখে প্রকাশ করা যাবে না। কী সুন্দর রাস্তা। এক পাশে পাহাড়, আরেক পাশে সমুদ্র। মনোরম এই দৃশ্য দেখতে দেখতেই আমরা চলে যাই টেকনাফ।

এরপর জাহাজে করে সেন্টমার্টিন যাওয়ার পথে দেখতে পেলাম গাঙচিল। পৌঁছানোর আগ পর্যন্ত পাখিগুলো যেন আমাদের সঙ্গ দিচ্ছিল। জাহাজে এক রোহিঙ্গা শিশু হাতে করে বই বিক্রি করছিল। আমি তার কাছ থেকে 'স্বপ্নের দ্বীপ সেন্ট মার্টিন' নামে একটি বই কিনি।  এরপর যথা সময়ে আমরা গন্তব্যে পৌঁছে যাই। চমৎকার একটি রিসোর্টে তিনদিন আমাদের খুব ভালো সময় কাটে। আমাদের রিসোর্টের খুব কাছেই ছিল সমুদ্র, রাতদিন সমুদ্রের সাথেই কেটেছে। জোয়ার-ভাটার সময়টাও খুব উপভোগ করেছি।

রাতে ঘুমানোর সময় সমুদ্রের সেই গর্জন এখনো মাঝে মাঝে কানে বাজে।

রিসোর্ট থেকে কতখানি পথ হেঁটে গিয়ে আমরা হুমায়ুন আহমেদের 'সমুদ্র বিলাস' খুব কাছ থেকে দেখে আসি। সেখানকার দোকান থেকে কিছু কেনাকাটাও করি। একদিন সন্ধ্যায় হলো বারবিকিউ পার্টি। মজার মজার সব সামুদ্রিক মাছ খেয়েছিলাম সেদিন আমরা।

সেখানকার স্থানীয় মানুষদের সাথে কথা বলেছিলাম আমি। তারা বলেছিল এই দ্বীপে মানুষের জীবন যাপন করা খুব কঠিন। প্রয়োজনীয় অনেক সুযোগ সুবিধাই তারা পায় না।

সেই তিনদিন খুবই আনন্দের সাথে কাটিয়ে নাফ নদীর সেই গাঙচিলগুলোকে বিদায় জানিয়ে নিজেদের নীড়ে ফিরে আসি।

ঘটনা প্রবাহ লিখতে গিয়ে আমি আবার ফিরে গেছি সেখানে, চোখের সামনে ভাসছে সেই দৃশ্যগুলো।

Print Friendly and PDF

সর্বাধিক পঠিত